ত্রিপুরা
img

মন্ত্রিসভার সিদ্ধান্ত, নিয়োগের ছাড়পত্র, প্রাইভেটে নিষেধাজ্ঞা

রাজ্য মন্ত্রিসভার একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা তুলে ধরলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। নিয়োগ থেকে স্বাস্থ্য পরিষেবা—দুই ক্ষেত্রেই বড় পদক্ষেপের ঘোষণা করা হয়েছে।
ত্রিপুরা জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড বা জেআরবিটির মাধ্যমে জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর পদে মোট ১৮৬ জনকে নিয়োগ করা হবে। এই পদগুলি গ্রুপ ‘সি’ নন-গেজেটেড ক্যাটাগরির অন্তর্ভুক্ত বলে জানানো হয়েছে। অন্যদিকে স্বাস্থ্য পরিষেবা নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। মন্ত্রী জানান, এখন থেকে জিবি হাসপাতাল এবং এজিএমসি-তে কর্মরত চিকিৎসকদের ব্যক্তিগত বা প্রাইভেট প্র্যাকটিস করার অনুমতি থাকবে না। সরকারি পরিষেবায় সম্পূর্ণ সময় ও মনোযোগ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। তবে চিকিৎসকদের বেতন কাঠামোতেও পরিবর্তন আনা হবে এবং তাদের বেতন বৃদ্ধি করা হবে বলে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কেউ যদি এই নতুন নীতি মেনে নিতে না চান, তাহলে তিনি চাকরি থেকে ইস্তফা দেওয়ার পথ বেছে নিতে পারেন। নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা এবং সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে আরও কার্যকর ও জনমুখী করে তোলার লক্ষ্যেই এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে বলে সরকারের দাবি।
১৮৬টি নতুন নিয়োগের প্রক্রিয়া কবে শুরু হবে? আর চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের এই সিদ্ধান্তে স্বাস্থ্য ক্ষেত্রে কী প্রভাব পড়বে? সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তকে ঘিরে এখন শুরু হয়েছে জোর আলোচনা, আর সেদিকেই নজর রাজ্যবাসীর।