ত্রিপুরা
img

ভয়াবহ সড়ক দুর্ঘটনা— একই পরিবারের আহত ৬

মন্দির যাত্রার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হলেন একই পরিবারের একাধিক সদস্য। উদয়পুরের গর্জী এলাকায় জাতীয় সড়কে অটো ও ট্রিপার গাড়ির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের শিশুসহ মোট ৬ জন আহত হয়েছেন। 
আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। জানা যায়, বিলোনিয়া বিবেকানন্দ কলোনি এলাকার বাসিন্দা সুমন পাল তাঁর পরিবারের সদস্যদের নিয়ে অটোতে করে মাতাবাড়ি মন্দিরে পূজা দিতে যাচ্ছিলেন। গর্জী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রিপার নিয়ন্ত্রণ হারিয়ে অটোতে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষে অটোটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং যাত্রীরা গুরুতর আহত হন।স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে রয়েছেন পূরবী সরকার, ফটিক সরকার, বাবুল পাল, শিপ্রা পাল, সুমন পাল ও সুজয় পাল।আহতদের মধ্যে ফটিক সরকারের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
মন্দির যাত্রার পথে এমন ভয়াবহ দুর্ঘটনায় প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে, কীভাবে ঘটল এই বিপর্যয়?