ত্রিপুরা
img

উত্তর ত্রিপুরায় নতুন বার্তা বদলাবে কৃষির ভবিষ্যৎ

প্রাকৃতিক কৃষিকে আরও বিস্তৃত করার লক্ষ্যে এবং কৃষকদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে ‘খেত বাঁচাও অভিযান’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার ধর্মনগরের রাগনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের হলঘরে অনুষ্ঠিত হল একদিনব্যাপী উত্তর জেলা স্তরের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক কৃষি কর্মশালা। কর্মশালার উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের কৃষিমন্ত্রী রতন লাল নাথ।  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি অর্পনা নাথ, জহর চক্রবর্তী সহ কৃষি বিভাগের একাধিক আধিকারিক।কৃষিমন্ত্রী তাঁর বক্তব্যে কৃষকদের ‘অন্নদাতা’ হিসেবে অভিহিত করে বলেন, কৃষকরাই দেশের মেরুদণ্ড, তাঁদের উন্নয়ন ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয়। এদিন তিনি কৃষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতীকীভাবে তাঁদের পায়ে প্রণাম করেন, যা মুহূর্তেই দৃষ্টি আকর্ষণ করে উপস্থিত সকলের।কর্মশালায় প্রাকৃতিক কৃষির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব চাষাবাদ, মাটির উর্বরতা রক্ষা, উৎপাদন ব্যয় হ্রাস এবং কৃষকদের আয় বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন কৃষি বিশেষজ্ঞরা। আয়োজকদের মতে, এই কর্মশালার মূল লক্ষ্য হলো কৃষকদের মধ্যে প্রাকৃতিক কৃষি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থাকে আরও শক্তিশালী করা।