ত্রিপুরা
img

নৈরাজ্যের অভিযোগে সরব বিধায়িকা! প্রশ্নের মুখে স্বাস্থ্য প্রশাসন

তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে একের পর এক অভিযোগ ঘিরে চরম উত্তেজনা। এবার আচমকা পরিদর্শনে গিয়ে হাসপাতালের বাস্তব চিত্র দেখে ক্ষোভ প্রকাশ করলেন বিধায়িকা কল্যাণী সাহা রায়।
পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন বিভাগে চরম অনিয়ম ও শৃঙ্খলার অভাব চোখে পড়ে বলে জানা যায়।, একাধিক চিকিৎসক ও কর্মী অনুমোদিত ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। পাশাপাশি রোগী উন্নয়ন তহবিলের প্রায় ৫৬ লক্ষ টাকা ফেরত যাওয়া এবং ওষুধ-ভ্যাকসিন সংক্রান্ত অনিয়মের অভিযোগ নিয়েও প্রশ্ন তোলেন বিধায়িকা।এই বিষয়ে মহকুমা স্বাস্থ্য আধিকারিক রাজা জমাতিয়ার কাছে ব্যাখ্যা চাওয়া হলে তিনি সন্তোষজনক উত্তর দিতে পারেননি বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে বিধায়িকা স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ফোনে কথা বলেন এবং পুরো পরিস্থিতি জানিয়ে দেন। বিষয়টি মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর নজরেও আনা হবে বলে তিনি জানান।
এটি কি শুধুই একটি আকস্মিক প্রশাসনিক ব্যর্থতার ছবি, নাকি এর পেছনে রয়েছে দীর্ঘদিনের সংগঠিত অব্যবস্থাপনা? বিধায়িকার এই কঠোর অবস্থানের পর কি সত্যিই বদল আসবে হাসপাতালের চিত্রে, নাকি অভিযোগের পাহাড়ে আবারও চাপা পড়ে যাবে সব প্রশ্ন?