
শহরের দীর্ঘদিন ধরে অবহেলিত পুকুরগুলিকে পুনরুজ্জীবিত করতে উদ্যোগ নিয়েছে পুর নিগম। চলমান সংস্কার কাজ সরেজমিনে পরিদর্শন করলেন মেয়র দীপক মজুমদার।
শহরের অধিকাংশ পুকুর দীর্ঘদিন ধরে অবহেলিত ও পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। এই পরিস্থিতি বদলাতে উদ্যোগ নিয়েছে পুর নিগম। ইতিমধ্যেই একাধিক পুকুরের সংস্কার কাজ সম্পন্ন হয়েছে।শনিবার অভয়নগর বাজার সংলগ্ন পুকুরের চলমান সংস্কার কাজ সরেজমিনে ঘুরে দেখেন মেয়র দীপক মজুমদার। তার সঙ্গে উপস্থিত ছিলেন কর্পোরেটর তথা মেয়র ইন কাউন্সিল হীরালাল দেবনাথ সহ অন্যান্য আধিকারিকরা।পরিদর্শনের সময় কাজের অগ্রগতি ও গুণগত মান খতিয়ে দেখা হয় এবং দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয় বলে জানা গেছে।পুর নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের পরিবেশ রক্ষা ও জলসংরক্ষণ ব্যবস্থাকে শক্তিশালী করতেই এই পুকুর সংস্কার কর্মসূচি নেওয়া হয়েছে।
শহরের এই পুকুর সংস্কার কি শুধু সৌন্দর্য বাড়ানোর উদ্যোগ, নাকি এর পেছনে রয়েছে বৃহত্তর পরিবেশ ও জলসংরক্ষণের দীর্ঘমেয়াদী পরিকল্পনা? আগামী দিনে আরও কত পুকুর নতুন রূপ পাবে? এখন নজর পুর নিগমের পরবর্তী পদক্ষেপের দিকে।