ত্রিপুরা
img

এক মাস অন্ধকার! বিদ্যুৎ দাবিতে আগুন ঈশানচন্দ্র পাড়ায়

ধলাই জেলার আমবাসা মহকুমার ঈশানচন্দ্র পাড়ায় দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকার অভিযোগে চরম ক্ষোভ ছড়াল গ্রামবাসীদের মধ্যে। শেষ পর্যন্ত বিদ্যুতের দাবিতে রাস্তায় নেমে অবরোধে সামিল হন শতাধিক মানুষ।
শনিবার সকাল প্রায় ৯টা নাগাদ জগন্নাথপুর এলাকায় আমবাসা–গন্ডাছড়া সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, বারবার বিদ্যুৎ দপ্তরে জানানো হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। চরম দুর্ভোগের মধ্যেই বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে তাঁদের। প্রায় দুই ঘণ্টা ধরে চলা অবরোধে সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে যায় আমবাসা–গন্ডাছড়া সড়ক। সৃষ্টি হয় দীর্ঘ যানজট, ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী থেকে শুরু করে ব্যবসায়ীরা।এদিন সাপ্তাহিক হাট থাকায় পরিস্থিতি আরও জটিল আকার নেয়। কৃষক ও জুমিয়ারা তাঁদের পণ্য নিয়ে হাটে পৌঁছাতে না পারায় মারাত্মক ক্ষতির মুখে পড়েন।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় আমবাসা থানার পুলিশ। দীর্ঘ আলোচনার পরও উত্তেজনা অব্যাহত থাকে।শেষ পর্যন্ত বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা এসে দ্রুত পরিষেবা চালুর আশ্বাস দিলে ধীরে ধীরে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
প্রতিশ্রুতি মিলেছে ঠিকই, কিন্তু প্রশ্ন একটাই এই আশ্বাস কি সত্যিই ফিরিয়ে দেবে ঈশানচন্দ্র পাড়ার দীর্ঘ এক মাসের অন্ধকার? নাকি আবারও অপেক্ষার প্রহর গুনতে হবে গ্রামবাসীদের?