
মোদী সরকারের ১২ বছরের শাসনে দেশ পিছিয়ে পড়েছে”—এই স্লোগানকে সামনে রেখে শনিবার আমবাসায় প্রতিবাদ মিছিলের আয়োজন করে কংগ্রেস। আমবাসা ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে রাজনৈতিক মহল।
কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, বর্তমান সরকারের ভুল অর্থনৈতিক নীতির কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশছোঁয়া হয়েছে।সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে বাজারদর—এই অভিযোগকে কেন্দ্র করেই আন্দোলনে শামিল হন কর্মী-সমর্থকেরা।মিছিলটি জেলা কংগ্রেস ভবন থেকে শুরু হয়ে আমবাসার বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় জেলা ভবনে এসে শেষ হয়।সেখানে অনুষ্ঠিত হয় একটি পথসভা, যেখানে সরকারের নীতি নিয়ে তীব্র সমালোচনা করা হয়।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমবাসা ব্লক কংগ্রেস সভাপতি রুপনধরপুর কায়স্থ, জেলা কংগ্রেস সভাপতি নিধু মারাক, জেলা নেতৃত্ব জ্যাকব রুকুম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
দ্রব্যমূল্য ও অর্থনৈতিক নীতি নিয়ে কংগ্রেসের এই প্রতিবাদ কি শুধুই একদিনের বিক্ষোভ, নাকি আগামী দিনে আরও বড় রাজনৈতিক আন্দোলনের ইঙ্গিত? জনতার রোষ কি সত্যিই রাস্তায় নামছে, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় রাজনৈতিক সংঘর্ষ— প্রশ্নই এখন ঘুরছে আমবাসার রাজনৈতিক মহলে।