
রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরের অধীন কারাগার বিভাগে ২৪৯টি পুরুষ জেল ওয়ার্ডেন পদে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন ধরে স্থগিত থাকায় এবার সরব হলেন চাকরিপ্রার্থীরা।
২০২২ সালের ৩ ডিসেম্বর ২৪৯টি শূন্যপদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এরপর ৪ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত চলে আবেদন প্রক্রিয়া। পরবর্তীতে ২৭ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে সফলভাবে সম্পন্ন হয় শারীরিক ও মাঠ পর্যায়ের পরীক্ষা। কিন্তু বিধানসভা নির্বাচনের ঘোষণা আসতেই হঠাৎই থমকে যায় সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া। লিখিত পরীক্ষার প্রস্তুতিতে যখন ব্যস্ত ছিলেন শত শত প্রার্থী, তখনই আসে এই স্থগিতাদেশ। নির্বাচনের পর দ্রুত প্রক্রিয়া শুরু হবে—এমন আশা থাকলেও বাস্তবতা ভিন্ন। আজও কেটে গেছে ৩ বছর ৫ মাসেরও বেশি সময়… তবুও নেই লিখিত পরীক্ষার কোনো নতুন বিজ্ঞপ্তি! এই দীর্ঘ অনিশ্চয়তার প্রতিবাদেই শুক্রবার কারা দপ্তরের আইজির কাছে ডেপুটেশন দিলেন চাকরিপ্রার্থীরা। তাদের একটাই দাবি—অবিলম্বে স্থগিত নিয়োগ প্রক্রিয়া পুনরায় শুরু করতে হবে।
প্রশ্ন একটাই—ফাইল কি এবার খুলবে, নাকি আবারও থেমে যাবে হাজারো স্বপ্ন?