দেশ
img

শিশুদের অতিরিক্ত স্ক্রিন-টাইমে বাড়ছে হৃদ্‌রোগের ঝুঁকি

শিশুর হাতে মোবাইল, চোখ টিভির পর্দায়! বিনোদনের এই অভ্যাসই কি ধীরে ধীরে বিপদ ডেকে আনছে ছোটদের শরীরে? সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের গবেষণা অনুযায়ী, অতিরিক্ত স্ক্রিন-টাইম শিশুদের হৃদ্‌যন্ত্র ও বিপাকক্রিয়ার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দীর্ঘক্ষণ মোবাইল বা টিভি দেখার কারণে খেলাধুলা ও শারীরিক পরিশ্রম কমছে। বাড়ছে স্থূলত্ব, ইনসুলিন রেজিস্ট্যান্স, উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরলের সমস্যা। পাশাপাশি ঘুমের ব্যাঘাত ও অনিয়মিত জীবনযাপনও বাড়াচ্ছে স্বাস্থ্যঝুঁকি। চিকিৎসকদের মতে, অতিরিক্ত স্ক্রিন-টাইমের সঙ্গে কার্ডিওমেটাবলিক সমস্যার সম্পর্ক রয়েছে। তাই শিশুদের বয়স অনুযায়ী স্ক্রিন ব্যবহারের সময় সীমিত রাখা জরুরি। মোবাইলের পরিবর্তে খেলাধুলা, বই পড়া, ছবি আঁকা এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর অভ্যাস গড়ে তোলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে অভিভাবকদেরও শিশুদের সামনে অতিরিক্ত মোবাইল ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ সুস্থ শৈশব গড়তে ডিজিটাল বিনোদনের পাশাপাশি প্রয়োজন নিয়মিত শারীরিক কার্যকলাপ ও সঠিক জীবনযাপন।