
একই নম্বরের দুই স্কুটি, বিলোনিয়ায় জালিয়াতির অভিযোগে আটক মালিক বিলোনিয়ায় গাড়ির নম্বর জালিয়াতি ঘিরে চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। একই রেজিস্ট্রেশন নম্বরযুক্ত দুটি স্কুটি চলাচল করছে—এই অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনা বিলোনিয়া চৌমুহনী এলাকার বনকর ওরিয়েন্টাল ক্লাবের সামনে। জানা যায়, প্রিয় সার্ভিসিং সেন্টারের মালিক একটি স্কুটি বিক্রির জন্য ক্রেতা নিয়ে আসেন। কিন্তু কাগজপত্র যাচাই করার সময় দেখা যায়, ওই স্কুটির নম্বর ইতিমধ্যেই অন্য একটি স্কুটিতে ব্যবহৃত হচ্ছে।সন্দেহ হওয়ায় স্থানীয়রা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিলোনিয়া থানার পুলিশ। এরপর জালিয়াতি নম্বরযুক্ত স্কুটিটি বাজেয়াপ্ত করা হয় এবং সার্ভিসিং সেন্টারের মালিককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।জানা গেছে, একই নম্বরে দুটি স্কুটি কীভাবে চলছিল এবং এর পেছনে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। স্কুটির ইঞ্জিন ও চেসিস নম্বর মিলিয়ে বিস্তারিত তদন্ত চলছে।এদিকে এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিলোনিয়া এলাকায় নাম্বারবিহীন ও জাল নম্বরযুক্ত গাড়ির চলাচল বেড়েই চলেছে। এমনকি এসব গাড়ি ব্যবহার করে অবৈধ কার্যকলাপ ও পাচারচক্রও সক্রিয় থাকতে পারে বলে দাবি উঠছে।