
ফায়ার সার্ভিস ডে উপলক্ষে দেশজুড়ে পালিত হচ্ছে বিভিন্ন কর্মসূচি। তারই অংশ হিসেবে আজ খোয়াইয়ে আয়োজিত হলো বিশেষ অনুষ্ঠান।
অনুষ্ঠানের শুরুতে কর্তব্যরত অবস্থায় শহীদ হওয়া অগ্নিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান দপ্তরের ওসি ও অন্যান্য কর্মীরা।দপ্তরের এক আধিকারিক জানান, ১৪ এপ্রিল সারা দেশে ফায়ার সার্ভিস ডে পালন করা হয়। ১৯৪৪ সালের বোম্বে বন্দরের ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ৬৬ জন অগ্নিযোদ্ধার আত্মত্যাগের স্মরণেই এই দিনটি।এই উপলক্ষে আজ থেকে আগামী ২০ এপ্রিল পর্যন্ত ‘অগ্নি নির্বাপক সপ্তাহ’ পালন করা হবে। এই সময় খোয়াই শহর ও মহকুমার বিভিন্ন স্কুল, বাজার ও সরকারি অফিসে অগ্নি নিরাপত্তা সচেতনতা শিবির, মহড়া ও লিফলেট বিতরণ করা হবে।সাধারণ মানুষকে আগুন লাগার কারণ, প্রাথমিকভাবে আগুন নেভানোর কৌশল এবং জরুরি পরিষেবা নম্বর সম্পর্কে সচেতন করা হবে বলে জানিয়েছে দপ্তর।
শহীদ অগ্নিযোদ্ধাদের স্মরণে শ্রদ্ধা ও জনসচেতনতার বার্তা নিয়ে খোয়াইয়ে পালিত হলো ফায়ার সার্ভিস ডে।