ত্রিপুরা
img

সাতমুড়া নয়াপল্লীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই দুই বসত ঘর

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একটি পরিবারের দুইটি বসত ঘর ঘটনা বিলোনিয়া মহকুমার সাতমুড়া নয়াপল্লী এলাকায় । 
জানা যায় বৃহস্পতিবার দুপুরে সাতমুড়া নয়াপল্লী এলাকার বাসিন্দা কিংকর সাহার বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের সূত্রপাত ঠিক কীভাবে হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে অনুমান করা হচ্ছে ভাড়াটিয়ার রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে থাকে বসত ঘরগুলো। আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের বাসিন্দারা। খবর পেয়ে স্থানীয় যুবকেরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন।পরে খবর দেওয়া হয় ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস-এর বিলোনিয়া ফায়ার স্টেশন-এ। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।তবে ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় কিংকর সাহার রান্নাঘরসহ দুটি বসত ঘর এবং ঘরের সমস্ত আসবাবপত্র, স্বর্ণালংকার, নগদ অর্থ ও মূল্যবান নথিপত্র। কিংকর সাহা পেশায় একজন চা বিক্রেতা বলে জানা গেছে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মহকুমা শাসক ও ডিসিএম। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতির খোঁজখবর নেন।
এই অগ্নিকাণ্ডে একটি পরিবার কার্যত সর্বস্বান্ত হয়ে পড়েছে। এখন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে প্রশাসন কীভাবে দাঁড়ায় সেদিকেই তাকিয়ে রয়েছে এলাকাবাসী।