
ত্রিপুরা উপজাতি এলাকা স্বায়ত্তশাসিত জেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। এ নিয়ে সাংবাদিক সম্মেলন করেন খোয়াই জেলার জেলা শাসক।
বৃহস্পতিবার বিকেল পাঁচটায় জেলা শাসক ও জেলা নির্বাচনী অফিসারের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে নির্বাচনের পূর্ণাঙ্গ নির্ঘণ্ট ও প্রস্তুতির খতিয়ান তুলে ধরেন জেলা শাসক রজত পন্থ।জানানো হয়, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ২৫ মার্চ। মনোনয়ন যাচাই করা হবে ২৬ মার্চ। আগামী ১২ এপ্রিল সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গণনা হবে ১৭ এপ্রিল সকাল ৮টা থেকে এবং পুরো নির্বাচনী প্রক্রিয়া ১৮ এপ্রিলের মধ্যে সম্পন্ন হবে।খোয়াই জেলায় মোট তিনটি কাউন্সিল কেন্দ্র রয়েছে— হালাহালি–আশারামবাড়ি (ST), রামচন্দ্রঘাট (ST) এবং মহারানীপুর–তেলিয়ামুড়া (ST)। এই তিনটি কেন্দ্রের জন্য মোট ১৩৬টি পোলিং স্টেশন তৈরি করা হয়েছে।গত ১৩ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। জেলায় মোট ভোটারের সংখ্যা ৯৬ হাজার ৯১০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৮ হাজার ৫৭০ জন এবং মহিলা ভোটার ৪৮ হাজার ৩৪০ জন।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এই দিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা, জেলা পুলিশ সুপার, দুই মহকুমা শাসক এবং নির্বাচনী কাজে নিযুক্ত আধিকারিকরা।