ত্রিপুরা
img

৮ নম্বর সড়কে ভয়াবহ সংঘর্ষ! আহত দুই দম্পতি

আবারও দুর্ঘটনার রক্তাক্ত ছবি উঠে এল ৮ নম্বর জাতীয় সড়কে। দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার সালথাং মনু ভিলেজ সংলগ্ন এলাকায় ঘটে গেল ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ।
বোলেরো পিকআপ ও টাটা পাঞ্চ গাড়ির মধ্যে এই সংঘর্ষে আহত হন দুই দম্পতি। মুহূর্তেই এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। পুলিশ সূত্রে জানা গেছে, একটি টাটা পাঞ্চ গাড়ি শ্বশুরবাড়ি থেকে জোলাইবাড়ির দিকে যাচ্ছিল। একই সময়ে একটি বোলেরো পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে অন্য দিক থেকে আসতেই ঘটে যায় এই সংঘর্ষ। দুর্ঘটনায় টাটা পাঞ্চে থাকা দম্পতি গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় এবং ত্রিপ্রা মথার দক্ষিণ জোনাল জয়েন্ট চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং-এর উদ্যোগে আহতদের দ্রুত দক্ষিণ জেলা হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি দেরিতে পৌঁছানোয় উদ্ধার কাজে কিছুটা বিলম্ব হয় বলেও অভিযোগ উঠেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মনু পাথর থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত দুই গাড়ি আটক করে শুরু হয়েছে তদন্ত। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, চালকের অসাবধানতা ও বেপরোয়া গতি এই দুর্ঘটনার মূল কারণ। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 
ঘটনার তদন্ত চলছে, তবে স্থানীয়দের দাবি—শুধু তদন্ত নয়, প্রয়োজন কঠোর নজরদারি ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। বারবার দুর্ঘটনার এই চিত্র এখন ৮ নম্বর জাতীয় সড়ককে ঘিরে বড় প্রশ্ন তুলে দিচ্ছে প্রশাসনের ভূমিকা নিয়ে। শেষ প্রশ্ন একটাই—“আর কত দুর্ঘটনার পর জাগবে নিরাপত্তার ব্যবস্থা?